মেহের ডিগ্রি কলেজের বাজেট ঘোষণা, মমতাজ বেগমকে দাতা সদস্য হিসেবে স্বীকৃতি
- আপডেট সময় : ০৩:২৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজের ২০২৬-২০২৭ অর্থবছরে ২ কোটি ৮২ লাখ টাকার বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। কলেজ পরিচালনা পর্ষদের সভায় বাজেট অনুমোদনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মমতাজ বেগমকে ভূমি দাতা সদস্য হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।
সভায় কলেজের আর্থিক পরিকল্পনা, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সুষ্ঠু বাজেট বাস্তবায়নের মাধ্যমে কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
এ সময় পরিচালনা পর্ষদের সদস্যরা মমতাজ বেগমের অবদানের প্রশংসা করে বলেন, তাঁর সহযোগিতা কলেজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁকে দাতা সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় কলেজ পরিবার সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের বিত্তবান ও শুভানুধ্যায়ীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মমতাজ বেগম ১৯৮৪ সালে ৫০ শতাংশ ভূমি কলেজের নামে দান করেন। এসময় পরিচালনা পর্ষদের সদস্যরা অসুস্থ মমতাজ বেগমকে চিকিৎসা খরচ ব্যয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবু ইউসুফ রুপন, উপজেলা বিএনপির সভাপতি ও দাতা সদস্য আয়েত আলী ভূঁইয়া, সাবেক সভাপতি যদু চন্দ্র শীল, কলেজ অধ্যক্ষ মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য আবুল কাশেম, শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









